ডিবি পুলিশের গুলিতে আসামি নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১৮:৩০
ফরিদপুর শহরে একাধিক মামলার আসামি হাবিব নামে এক যুবক পুলিশের গোয়েন্দা শাখা-ডিবির গুলিতে নিহত হয়েছেন। নিহত হাবিব শহরের পূর্বখাবাসপুর এলাকার মৃত আবদুল খালেক সরদারের ছেলে।
 
শুক্রবার রাতে শহরের পূর্বখাবাসপুর লঞ্চঘাট জোড়াসেতু এলাকায় এ ঘটনা ঘটে।
 
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ নয়টি মামলার আসামি হাবিবকে ধরতে অভিযান চালায়। এ সময় সে দৌঁড়ে পালাতে থাকলে পুলিশ তার পিছু নেয়। এক পর্যায়ে পুলিশ হাবিবকে ধরলে তিনি পুলিশকে ধারালো ছ্যান দিয়ে কোপাতে থাকে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে হাবিব মারাত্বক আহত হন। পরে তাকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। হাবিবের লাশ বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
 
এ ঘটনায় ডিবি পুলিশের কনস্টেবল সৈকতকে গুরুতর আহত অবস্থায় জেলার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা শংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অত্যাধুনিক পিস্তল, দুটি ছ্যান, বেশ কয়েকটি ছুরি উদ্ধার করেছে।
 
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ডাকাতি করার জন্য হাবিবসহ একাধিক সন্ত্রাসী সংঘবদ্ধ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। তার দাবি, এ সময় হাবিব পুলিশের কনস্টেবল সৈকতের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। হাবিবের বিরুদ্ধে কোতয়ালী থানায় নয়টি মামলা রয়েছে। ফোকাসবাংলা