‘অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া শেষ পর্যায়ে’

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১৮:৪১
 
তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’
 
শনিবার সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং তথ্য অধিকার আইন-২০০৯ ও নৈতিকতার বিষয়ে এ সভার আয়োজন করা হয়।
 
তথ্য সচিব বলেন, ইতিমধ্যে অনলাইন খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। এটি তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া আছে। খসড়ার উপর সাংবাদিকদের মতামত চাওয়া হয়েছে। শিগগিরই এটা চূড়ান্তকরণের প্রক্রিয়া শুরু হবে। টেলিভিশন সাংবাদিকদের জন্য পৃথক ওয়েজবোর্ড গঠনের চিন্তাভাবনা চলছে বলেও তিনি জানান সচিব।
 
তথ্য সচিব আরো বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। এর মাধ্যমে উপকৃত হবেন সারাদেশের সাংবাদিকরা। এই ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা যাবে।

খবর বাসসের।