উল্লাপাড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১৬:২২
উল্লাপাড়ায় নবগ্রাম গ্রামের পাশে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অপর ৫ যাত্রী। রবিবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত যাত্রী হলেন উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম বাবলু (২৮)। 
 
বাবলু ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতিতে ম্যাসেঞ্জার পদে চাকরি পেয়ে যোগদান করতে যাচ্ছিলেন বলে তার পরিবার থেকে জানানো হয়েছে। আহত যাত্রীদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, অটোরিকশাটি উল্লাপাড়া স্টেশন থেকে সিরাজগঞ্জ রোডে যাচ্ছিল। ঘটনাস্থলে ট্রাকটি অটোরিক্সাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।