‘জনগণ ভোটের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। দলীয় প্রতীকে নির্বাচন করার মতো অবস্থা বাংলাদেশে এখন নেই। এই অবস্থায় যদি দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, তাহলে ঘরে ঘরে মারামারি হবে বলে আমি আশঙ্কা করছি।’
রবিবার জাতীয় প্রেসক্লাবে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত ‘দলীয় পর্যায়ে স্থানীয় নির্বাচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ মন্তব্য করেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘স্থানীয় নির্বাচন পরিচালনা খুব কঠিন কাজ। তা ছাড়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থা সুষ্ঠু নির্বাচনের উপযোগী নয়। কোনো নির্বাচন শত ভাগ সুষ্ঠু হয় না। এর মধ্যে আবার সবচেয়ে জটিল নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।’
সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত বলেন, ‘এই নির্বাচন দলীয় প্রতীকে হলে প্রথমে মনোনয়ন নিয়ে সহিংসতা হবে। তারপর সহিংসতা হবে ভোট নিয়ে। কারণ, এখানে ভাইয়ের বিরুদ্ধে ভাই, পিতার বিরুদ্ধে সন্তান প্রতিযোগিতায় লিপ্ত হন।’ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়ার আগে সরকার ও নির্বাচন কমিশনকে জনগণ এবং সুশীল সমাজের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
বৈঠকে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের মহাসচিব শামীম আল রাবিব।
