খানজাহান-আলীতে সুপেয় পানির দাবিতে খুলনা উন্নয়ন ফোরাম

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১৯:৫৫
খুলনা মহানগরীর সঙ্গে দিঘলিয়া উপজেলায় যোগাযোগের স্থাপনের জন্য নগরীর মীরেরডাঙ্গা অ্যাজাক্স জুট মিলের পাশে ভৈরব নদের ওপর ব্রিজ নির্মাণ এবং খানজাহান আলী থানা এলাকায় ওয়াসার সুপেয় পানি সরবরাহের দাবিতে খুলনা উন্নয়ন ফোরাম প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
 
রবিবার সকালে মীরেরডাঙ্গা অ্যাজাক্স জুট মিলস্ অডিটোরিয়ামে এক সভায় এ দাবি জানানো হয়।
 
এ সময় সড়ক-রাস্তাঘাট সংস্কার ও কমিউনিটি সেন্টার নির্মাণ এবং অবিলম্বে অ্যাজাক্স, সোনালী ও মহসেন জুট মিল শ্রমিকদের বকেয়া পরিশোধ করে মিলগুলোকে পূর্ণাঙ্গভাবে চালু করার দাবি জনানো হয়।
 
শ্রমিক নেতা মুন্সী সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারপারসন ও জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন। অনুষ্ঠানে উন্নয়ন ফোরামের মহাসচিব এম এ কাশেম বিশেষ অতিথি ছিলেন।