আফগানিস্তানের কুন্দুজে মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) পরিচালিত হাসপাতালে মার্কিন বিমান হামলার পর এবার ইয়েমেনে ওই একই সংস্থা পরিচালিত একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। এতে হাসপাতালটি বিধ্বস্ত হয়ে দুই কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইয়েমেনের হিদ্দিন জেলায় এই বিমান হামলার ঘটনা ঘটে। এমএসএফ জানিয়েছে, বোমার আঘাতে হাসপাতালের অপারেশন থিয়েটার বিধ্বস্ত হয়েছে। তবে সেখানে কেউ না থাকায় নিহত হয়নি।
আফগানিস্তানের কুন্দুজে হাসপাতালে মার্কিন বাহিনীর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এমএসএফ-এর প্রেসিডেন্ট জোয়ান লিউ এবং আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানির কাছে ক্ষমা চেয়েছিলেন বলে হোয়াইট হাউস জানিয়েছিল। তখন হামলার ঘটনা জেনেভা কনভেনশন অনুযায়ী তদন্ত করার দাবি জানিয়েছিল এমএসএফ।
IMG0
গত মার্চে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলোর জোট। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে তারা। চলমান এই হামলায় বেসামরিক জনগণের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংস্থাগুলো। সূত্র: রয়টার্স
