গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় পেশাজীবী সংগঠন।
গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের ছেলে আশিকুর রহমান সাম্যের (১৩) হত্যার বিচার দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় এ হরতাল আহ্বান করা হয়। বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ উপজেলায় হরতাল পালন হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সাম্যের সহপাঠী শাহরিয়ার খান হৃদয় বাড়ি থেকে সাম্যকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় সাম্যের বাবা আতাউর রহমান ওইদিন সন্ধ্যায় স্থানীয় থানায় সাধারন ডায়েরি করেন। পুলিশ রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করে। আটকদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে পৌরসভার সামনে শহরের বর্ধনকুঠি বটতলা মোড় এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে শুক্রবার ভোরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
