সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মেট্রোরেলের ফিজিক্যাল ওয়ার্ক আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে।’
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা বিষয়ক কর্মশালায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘উত্তরা তৃতীয় ফেজ থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেল স্থাপনে আটটি প্যাকেজের মধ্যে ছয়টির দরপত্র ইতোমধ্যেই আহ্বান করা হয়েছে।’
প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জাইকা’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান ও ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, জাইকার সহায়তায় স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লান (এসটিপি) সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে কাজ প্রায় শেষ হয়েছে। দেশ-বিদেশের পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ, স্টেকহোল্ডারদের সাথে বিস্তারিত আলোচনা এবং বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনার মধ্যদিয়ে এসটিপি সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
খবর বাসসের।
