বিএনপির ৬২ নেতা-কর্মী জেলে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ০৩:২১

২০১৩ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার রামগঞ্জ হাটে স্থানীয় এমপি ও বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও ৫ জন নিহত হওয়ার মামলায় ৬২ বিএনপি নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাসিরুল হক অভিযুক্তদের জামিন আবেদন নামঞ্জুর করে সকলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 
আটককৃতদের মধ্যে নীলফামারী সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ আলী, লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব ও টুপামারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা রয়েছেন।
 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, এ মামলায় অভিযুক্ত ২১৭ জন আসামির মধ্যে গতকালের ৬২ জনসহ ৬৩জন কারাগারে আটক থাকলেও ৫৯ জন জামিনে রয়েছেন। এদিকে আগামী রবিবার এ মামলায় অভিযুক্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আদালতে হাজির হবেন বলে আদালত পাড়ার একটি সূত্রে জানা গেছে।