নেত্রকোনায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৩:৩৫
নেত্রকোনায় সত্যবান হাজংকে (৩০) হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালত। বৃহস্পতিবার সাড়ে ১১টায় অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
 
সাজাপ্রাপ্ত আসামি হলেন- বারমারী গ্রামের মৃত আছমত আলীর ছেলে রহিম উদ্দিন (৪৫), মৃত গিয়াস উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৪০), আমজাদ আলীর ছেলে কাজিম উদ্দিন (৩৫) ও মৃত পরেশ রংদীর ছেলে ধীরেশ সাংমা (৪৮)।
 
আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দূর্গাপুর উপজেলার বারমারী লক্ষ্মীপুর গ্রামের তুশিল হাজং এর ছেলে সত্যবান হাজং চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে বারমারী গ্রামের আসামিদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে।
 
সত্যবান হাজং ২০০৯ সালের ২৩ এপ্রিল বারমারী লক্ষ্মীপুর গ্রামের তার খালা মেমনী হাজং-এর বাড়িতে বেড়াতে গেলে আসামিরা তাদের দেয়া টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেয়। সত্যবান হাজং টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে বেদড়ক মারপিট করে ঘটনাস্থলেই হত্যা করে।