রাজধানীতে ৩ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৯:৩২
 
রাজধানীর উত্তরখান, মিরপুর ও পুরানো ঢাকা থেকে বৃহস্পতিবার তিন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
এর মধ্যে পুরানো ঢাকার কদমতলী সরাইল মসজিদ রোডের একটি বাসা থেকে দুপুরে নাসরিন আক্তার অনিকা (১৮), উত্তরখানের ৫ নম্বর রোডের ফৌজির বাটান আবাসিক এলাকা থেকে ফাতেমা কামাল প্রান্তিকা (১৭) এবং মিরপুরের জনতা হাউজিংয়ের ১৮ নম্বর বাসা থেকে লাকি আক্তার (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশগুলোর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
অনিকার স্বামী নজরুল ইসলাম জানান, দুপুর দুইটায় তিনি বাসায় এসে দেখেন ঘরের দরজা খোলা। ফ্যানের সঙ্গে ঝুলছে তার স্ত্রী। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ৮ মাস আগে তারা ভালবেসে বিয়ে করেছিলেন। অনিকার বাবার নাম মোহাম্মদ বাবু। তাদের বাড়ি ওই একই এলাকায়।
 
উত্তরখানে মৃত ফাতেমা কামাল প্রান্তিকার মৃত্যুর ব্যাপারে উত্তরখান থানার এসআই আব্দুস সামাদ জানান, কিছুদিন আগে প্রান্তিকার বিয়ে হলে সে তার প্রেমিকের কাছে চলে যায়। পরে বাবা মামলা করলে আদালত মেয়েকে বাবার হেফাজতে পাঠান। রাতে প্রান্তিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রান্তিকা অ্যাডভোকেট কামাল উদ্দিনের মেয়ে বলে জানায় পুলিশ।
 
এদিকে মিরপুরের জনতা হাউজিংয়ের ১৮ নম্বর বাসা থেকে লাকি আক্তার (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রাতে লাকি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি এসআই। লাকি ভোলা সদর উপজেলার উত্তর ইলিশা গ্রামের মুজিবুল রহমানের মেয়ে।