বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৫:১৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু্ই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে। শনিবার সকাল ৭টায় উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও গ্রামবাসী জানায়, শুক্রবার বিকালে লক্ষ্মীমোড়া গ্রামে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় মোল্লা বাড়ির জলফু মিয়া ও ছায়েদ মিয়ার মধ্যে জমির মালিকানা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকাল ৭টায় উভয়পক্ষের শতাধিক লোক দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ২০জন আহত হয়। এ সময় একটি ঘর ভাংচুর করা হয়। 
 
আহতদের মধ্যে হাফেজ সলিমুল্লাহ (২২), আলফু মিয়া (৩০), আলিম মিয়া (১৮), তাজুল ইসলাম (৩৮), সায়েদ মিয়া (৬৯), আবেদা খাতুন (৫০), সাইফুল ইসলাম (২৮), হুমায়ন (৩০), আবু বক্কর (৩৫), রুবেল (২৩), রবিউল্লাহ (২২), মোবারক (৩৩), সাফিয়া বেগম (৪০) ও জহুরা বেগম (৩৭)কে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সংঘর্ষ থেমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। তবে স্থানীয় জন প্রতিনিধিরা ঘটনাটি মীমাংসা করবে বলে জানিয়েছে।