বগুড়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৩০) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু দরগাহাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আবাদপুকুর গ্রামের রমজান আলী প্রামানিকের ছেলে।
জানা গেছে, হেলাল সিএনজি নিয়ে বগুড়ায় আসছিলেন। তিনি কাহালুর দরগাহাটে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক হেলাল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
