সিসিটিভির ফুটেজ নিয়ে বিভ্রান্তি

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ০০:৪২

শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের হত্যার দৃশ্য ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) থাকা, না থাকা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মার্কেটের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জনি শনিবার একটি টেলিভিশনে বলেছিলেন, গেটগুলোর বাইরে মার্কেটের তৃতীয় তলায়ও সিসিটিভি আছে। পাশাপাশি বের হওয়ার প্রবেশ পথে সাতটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ওই সিসিটিভি এড়িয়ে কারো পক্ষেই মার্কেট থেকে বের হয়ে যাওয়া সম্ভব নয়। ওই ক্যামেরাতেও খুনিদের ছবি থাকতে পারে।

 
এদিকে গতকাল রবিবার আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইত্তেফাকে পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়েছে, মার্কেটে মোট সাতটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। এর সবগুলোই মার্কেটের বাইরে। ভেতরে কোনো সিসিটিভি নেই। জানাজানি হওয়ার ১০ মিনিটের মধ্যে পুলিশ সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব নেয়। ফলে মার্কেট কর্তৃপক্ষের কাছে কোনো ফুটেজ নেই। সিসিটিভির ফুটেজে কী আছে না আছে তা পুলিশই ভালো বলতে পারবে। তাদের কাছে ফুটেজ সংগ্রহ করে রাখা আছে বলে পত্রপত্রিকায় যে তথ্য ছাপা হয়েছে তা ঠিক নয়।
 

গতকাল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সিসিটিভির যে ফুটেজ পাওয়া গেছে তা এখনো বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এখনই বলা সম্ভব নয়, ওই ফুটেজে ঘাতকদের ছবি আছে কি-না। তবে যখন ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে তখনকার যে ফুটেজ দেখা গেছে তাতে ঘাতকদের ছবি স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না। তবে পুরো বিষয়টি পরিষ্কার হতে সময় লাগবে বলে জানিয়েছেন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা।