দশ দলের অংশগ্রহণে চট্টগ্রামে কাল শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:৩৩

খেলা হবে সরাসরি লিগ পদ্ধতিতে

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

দেশের মর্যাদাপূর্ণ ফুটবল আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পর বেশ কদর রয়েছে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগের। ভিন দেশী খেলোয়াড় ছাড়াও দেশের বিভিন্ন স্থানের খেলোয়াড়রাও বিভিন্ন দলের হয়ে খেলে থাকেন এ লিগে। তবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের কোনো খেলোয়াড়ের অংশগ্রহণের সুযোগ ছিল না এতোদিন। লিগ কমিটি ছাড় দেওয়ায় এবারের লিগে প্রত্যেক ক্লাবের পক্ষে ৮ জন খেলোয়াড়কে রেজিস্ট্রেশনের জন্য সুযোগ করে দেওয়া হয়। তবে মাঠে নামবে মাত্র ৩ জন। প্রত্যেক দলে ১৮ জন খেলোয়াড়ের নাম জমা দান শেষ হয়েছে গতকাল সোমবার। খেলোয়াড় তালিকা পাওয়ার পরপরই ফুটবল লিগ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় লিগ কমিটির পক্ষ হতে। সে অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে চট্টগ্রামের বড় ফুটবল আসর প্রিমিয়ার ফুটবল লিগ। দশটি দল লিগে খেলবে। দলগুলো হচ্ছে : বর্তমান চ্যাম্পিয়ন সিটি করপোরেশন একাদশ, রানার্সআপ বন্দর ক্রীড়া সমিতি, ব্রাদার্স ইউনিয়ন, উদয়ন সংঘ, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, শতদল ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, মোহামেডান স্পোর্টিং ব্লুজ, কাস্টমস স্পোর্টস ক্লাব ও বিসিআইসি ক্রীড়া সংসদ।

খেলা হবে সরাসরি লিগ পদ্ধতিতে। ফলে প্রত্যেকে খেলবে প্রত্যেক দলের সাথে। এতে খেলা হবে সর্বমোট ৪৫টি। ২৬ নভেম্বর পর্যন্ত একটি করে খেলা রয়েছে। ২৭ নভেম্বর থেকে খেলা হবে ২টি করে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে দুপুর আড়াইটার সময় লিগের উদ্বোধন। সূচনা দিনে চ্যাম্পিয়ন সিটি করপোরেশন একাদশের মোকাবেলা করবে বিসিআইসি ক্রীড়া সংসদ। সাবেক বরেণ্য ফুটবলার আশীষ ভদ্রসহ জেলার কৃতি ফুটবলার ইবাদুল হক লুলু, ইসমাইল কুতুবী, দীপক বড়ুয়া, আ.ন.ম কুদ্দুস চৌধুরী ও মো. কাসেমকে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হয়।