জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, 'দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে। প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও এমন কোনো দুষ্ট চক্র রয়েছে, যারা অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে। ফলে অপরাধীদের শনাক্ত বা ধরা সম্ভব হচ্ছে না।' সোমবার দুপুরে ফেনীর পাঁচগাছিয়ার মাথিয়ারায় সন্ত্রাসী হামলায় আহত টুনি রানী (২০)কে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় ফেনী সিভিল সার্জন ডা. ইসমাঈল হোসেন সিরাজী, ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ছারওয়ার জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোর্শেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের জেলে পল্লীতে ২৮ অক্টোবর রাতে কতিপয় স্থানীয় সন্ত্রাসী তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে পিটিয়ে ও কুপিয়ে দুই নারীসহ ৩ জনকে আহত করে। তাদের মধ্যে পেটে লাথির আঘাতে আহত টুনি রানী জলদাস ২৯ অক্টোবর সকালে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঁচ মাসের এক মৃত সন্তান প্রসব করেন।
