হবিগঞ্জে বৃন্দাবন কলেজ শিবির সভাপতিসহ আটক ১০

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১৬:২৯
 
হবিগঞ্জে নাশকতার অভিযোগে বৃন্দাবন কলেজ শিবির সভাপতিসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোরে শহরের রাজনগর এলাকার একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদী বই, লিফলেট, কম্পিউটার, মোবাইল ফোন ও ব্যানারসহ সরকার বিরোধী বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
 
আটককৃতরা হলেন- সরকারী বৃন্দাবন কলেজ শিবিরের সাবেক সভাপতি আজিজুল হক বাবুল, কলেজ ক্যাম্পাস সভাপতি আমির হামজা, শিবির নেতা মোঃ ইয়াহিয়া, শহর শাখার সভাপতি সোহাগ খান, শিবিরকর্মী মাছুম বিল্লাহ, নাজমুল হাসান, রাশেদুল ইসলাম, হাফিজুর রহমান, মনিরাজ হাসান অপু, আব্দুল জলিল।
 
সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির। তিনি জানান, রাজনগর এলাকার জনৈক গোলাম সারোয়ারের বাসার পঞ্চম তলায় জামায়াত-শিবির নেতাকর্মীরা নাশকতার চেষ্টার লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।