নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি রকেট তৈরি করার কারখানার ছবি প্রকাশ করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম। জঙ্গি এই সংগঠনটি বেশিরভাগ হামলায় রকেট দ্বারা নিক্ষিপ্ত গ্রেনেড ব্যবহার করে।
ছবিতে দেখা যায়, জঙ্গি সংগঠনটির সদস্যরা নিজেরাই অস্ত্র তৈরি করছে। ছবিটি বর্নো প্রদেশের একটি কলেজে তোলা হয়েছে। বিবিসির নাইজেরিয়ান হাউসা ভাষা ভিত্তিক সার্ভিসের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবিগুলো পাঠানো হয়েছে। এছাড়া ইসলামিক স্টেটসের সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটেও ছবিগুলোও প্রকাশ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বামা শহরের ছবি এটি। সম্প্রতি ওই অঞ্চলের পুনর্দখল নিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে ওই অস্ত্রগুলো কিভাবে সরিয়ে নেয়া হয়েছে এবং ছবিটি কোন সময়ে তোলা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ২০০৫ সালে এডুকেশন ট্রাস্ট ফান্ড নামে এক তহবিল এই যন্ত্রাংশগুলো ওই কলেজকে অনুদান হিসেবে দিয়েছিল। বর্নো প্রদেশের অনেক জায়গায় দেশটির সেনাবাহিনী পুনর্দখলে নিলেও সেখানে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে বোকো হারাম। বামা বর্নো প্রদেশের এক শহর। বিবিসি।
