দ্বিতীয় দিনেও খেলা বন্ধ
স্পোর্টস রিপোর্টার
বেসিন রিজার্ভে দ্বিতীয় দিন আধাঘণ্টা আগে টস করার পরিকল্পনা ছিল। কিন্তু, ওয়েলিংটনের বেরসিক বৃষ্টিতে সেই পরিকল্পনা ভেস্তে যায়। এখানেই শেষ নয়, প্রথম দিনের মত দ্বিতীয় দিনটাও গেল বৃষ্টির দখলে।
যদিও, এর মধ্যে কয়েকবার বৃষ্টি থেমেছে। ম্যাচ অফিশিয়ালরা কয়েক দফা মাঠ পর্যবেক্ষণ করেছেন। বেলা চারটার দিকে আসে চূড়ান্ত ঘোষণা। আরেকটা দিন পণ্ড হয়ে গেল।
একটা সময় অবশ্য আম্পায়াররা ভাবছিলেন, অন্তত দিনের শেষ বেলায় মিনিট চল্লিশেক সময় খেলানো যায়। তবে, সেটা দু’দলের কোনো একটির প্রতি অবিচার করা হত বলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা।
পাঁচদিনের টেস্ট এখন কার্যত তিনদিনের ম্যাচে পরিণত হয়েছে। ফলো অন নির্ধারিত হবে দেড়শ রানের ব্যবধানে। তবে, বাংলাদেশের শঙ্কার কারণ এখন উইকেট। উইকেট এতটাই সবুজ যে, আউটফিল্ড থেকে একে আলাদা করার সুযোগ একদম নেই বললেই চলে।
বাংলাদেশের জন্য অবশ্য সবুজ উইকেট অপ্রত্যাশিত নয়। জানালেন কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘উইকেটটা অনেক সবুজ। আমরা অবশ্য ধারণাই করে ফেলেছিলাম যে উইকেট সবুজ হবে। এখানে আগে যারা খেলেছিল তারা আমাকে এমনটাই ধারণা দিয়েছিল। তামিম বলছিল, আগেও নাকি উইকেট এমনই ছিল।’
বৃষ্টিতে দিনের পুরোটা সময় বাংলাদেশ দল হোটেল রুমেই বিশ্রাম করেছে। পরে অবশ্য মাঠে এসে কিছুটা হালকা অনুশীলনও হলো। কোচ রোডস বলেন, ‘এটা সবার জন্য খুবই হতাশাজনক। আমি সকাল সকাল এসেছি। খেলোয়াড়দের হোটেলেই রেখে এসেছিলাম যাতে করে ওরা মানসিক ও শারীরিকভাবে নির্ভার থাকতে পারে। এখানে এসে তো আসলে করার কিছু নেই। তবে, শেষের দিকে সবাই চলে এসেছে। আমরা টুকটাক অনুশীলন করেছি। সব মিলিয়ে আমরা খেলতে প্রস্তুত।’
বাংলাদেশ এখন টসের দিকে নজর দিচ্ছে। কোচ বললেন, ‘পরিকল্পনা খুব সহজ। কাল (আজ) আমরা অবশ্যই আগে টসে জিততে চাইবো। বোলিং করলে শুরুতেই কিছু উইকেট নিতে চাই, ব্যাটিং করলে স্কোরে বড় রান তুলতে চাই।’
রোডস মনে করছেন, ম্যাচটা এখন কার্যত তিনদিনে নেমে গেলেও দারুণ জমজমাট হতে পারে। তিনি বলেন, ‘ক্রিকেট খুব আজব একটা খেলা। গত দু’দিনে আমরা অনেক কিছু দেখেছি। হাতে আরো তিনটা দিন সময় আছে। বাকিটা সময় খেলা হলে এই ম্যাচ থেকেও ফলাফল আসতে পারে।’ যদিও, টেস্টের তৃতীয় দিনের বৃষ্টির সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না রোডস। তিনি বলেন, ‘দেখা যাক আগামী দিনের (আজকের) আবহাওয়া কেমন থাকে। আমি জানি না আবহাওয়ার পূর্বাভাসে কি বলা আছে। তবে, আমার দেখে মনে হলো কালও কিছু বৃষ্টি হতে পারে।’ কোচের কথা সত্যি হলে, আরেকটা হতাশাজনক দিনই অপেক্ষা করছে!
