রাজধানীর কাকরাইলে মলমপার্টি সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- আতাউর রহমান (৩০), সুমন দাস (৩২) ও শহীদুল ইসলাম (৩৫)।
রমনা থানার এসআই শামসুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে কাকরাইল প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতে মসজিদগলিতে মলম পার্টি সন্দেহে তিনজনকে আটক করে তর্কাতর্কি শুরু করেন কয়েকজন লোক। এ সময় আরও কিছু লোক এসে জড়ো হয়ে পিটুনি শুরু করলে তারা অজ্ঞান হয়ে যায়। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
