ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বহনকারী একটি প্রাইভেটকারকে ধাওয়া করতে গিয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পুলিশের একটি পিকঅ্যাপ ভ্যান খাদে পড়ে গেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর ঘাটুরা এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন-এসআই আব্দুল আওয়াল ভূঁইয়া, গাড়ি চালক কনস্টেবল আবুল বাশার (২৫), মিঠুন চন্দ্রনাথ (২২), সহিদুল ইসলাম (২৬) ও আরিফুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, রাতে সদর থানা পুলিশের একটি টহল দল কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান, লাল রঙের একটি প্রাইভেটকারে অস্ত্র এবং মাদকের একটি চালান ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছে। ঘাটুরা এলাকায় প্রাইভেটকারটি এলে পুলিশ গাড়িটি থামাতে সংকেত দেয়।কিন্তু প্রাইভেটকারটি পুলিশের সংকেত অমান্য করলে পুলিশ এটির পিছু নেয়।
এক পর্যায়ে প্রাইভেটকারটি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সেতু পার হয়ে ডান পাশের গ্রামের কাঁচা রাস্তায় ঢুকে পড়ে। এসময় প্রাইভেটকার থেকে দুর্বৃত্তরা পুলিশ ভ্যান লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলি পুলিশ ভ্যানের চালকের সিটের পাশে লাগায় নিয়ন্ত্রণ হারিয়ে স্টিয়ারিং ছেড়ে দেয় চালক। এতে গাড়িটি খাদে পড়ে গিয়ে পুলিশ সদস্যরা আহত হন।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক শফিকুল ইসলাম জানান, এসআই আওয়াল বুকে আঘাত পেয়েছে। আহতদের অবস্থা তেমন সঙ্কটাপন্ন নয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিন যুবককে আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, দুর্বৃত্তদের ধরতে র্যাব-পুলিশ যৌথভাবে মাঠে নেমেছে।
