কুমিল্লায় ব্যাংকের গ্রাহকের টাকা ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত সাফিন আহমেদ ওরফে পলিন (২৫) নামের এক ছিনতাইকারীকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. শাহ কামাল আকন্দের নেতৃত্বে একদল পুলিশ জেলার আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পলিন একই উপজেলার চাঁনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার ভোর ৬টার দিকে বালুতোপা এলাকায় অভিযান চালায়। এসময় সাফিন আহমেদ ওরফে পলিনকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থেকে ডিবি পুলিশ ১টি এলজি ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পলিন কিছুদিন আগে নগরীর ছাতিপট্টি এলাকার প্রাইম ব্যাংক শাখার এক গ্রাহকের ১০ লাখ টাকা ও জেলার সদর দক্ষিণ এলাকায় এক ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই মামলার অন্যতম আসামি।
এসআই শাহ কামাল আকন্দ জানান, ওই ছিনতাই ঘটনার পর গ্রেফতারকৃত আবু তাহের ও একরাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ছিনতাই ঘটনায় পলিনের জড়িত থাকার কথা বলেছে। তিনি ও তার সহযোগিরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন ব্যাংক এলাকায় ছিনতাই করে আসছে। তিনি একাধিক মামলার আসামি বলে তিনি জানিয়েছেন।
