ভারতীয় কংগ্রেস পার্টির সাবেক লোকসভা সদস্য সিরিসিল্লা রাজাইয়ার বাড়িতে আগুন লেগে তার পুত্রবধূ ও তিন নাতি পুড়ে মারা গেছেন। আজ বুধবার ভোরে অন্ধ্র প্রদেশের ওয়ারেঙ্গেল শহরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বাড়িটির দোতালায় নিজের শোবার ঘরেই তিন পুত্র, অভিনভ (৭) ও দুই যমজ সন্তান অয়ন (৩) ও শ্রিয়ানসহ (৩) জীবন্ত দগ্ধ হয়ে মারা যান সারিকা। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের সূত্রপাত নিয়ে রহস্য দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে বাড়ির গ্যাস সিলিন্ডার লিক হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। সবদিক বিবেচনায় রেখে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। ২১ নভেম্বর পার্লামেন্টের ওয়ারেঙ্গেল আসনে পুন নির্বাচন হওয়ার কথা। গেল সপ্তায় এই আসনে নিজেদের প্রার্থী হিসেবে রাজাইয়ার নাম ঘোষণা করেছে কংগ্রেস। এর আগে এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন তিনি। ঘটনার পরে তাকে সারিকাদের বাড়ির সামনে মাটিতে বসে কাঁদতে দেখা গেছে। কাঁদতে কাঁদতে এই নেতা বলছিলেন, সোনিয়া মা আমাকে ক্ষমা করে দিও।
IMG0
এদিকে এনডিটিভি জানিয়েছে, আইবিএমের সাবেক চাকুরে সারিকা গেল বছর তাকে হয়রানির অভিযোগে মামলা করেছিলেন। এমন কি রাজাইয়ার বাড়ির সামনে সন্তানদের নিয়ে প্রতিবাদও জানিয়েছিলেন। ২০০২ সালে রাজাইয়ার ছেলে অনিলের সঙ্গে সারিকার বিয়ে হয়। পুলিশ রাজাইয়া তার স্ত্রী মাধবী ও ছেলে অনিলকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। রাজাইয়া দাবি করেছেন ঘটনার সময়ে বাড়ির দ্বিতীয় তলায় ছিলেন তিনি। নিচ তলায় ছিলেন তার ছিলেন অনিল।
কীভাবে আগুন লাগলো, মঙ্গলবার রাতে সে কোথায় ছিল ও স্ত্রীর সঙ্গে তার কোনো সমস্যা ছিল কিনা অনিলের কাছ থেকে এসব বিষয় জানতে চাইছে পুলিশ। অন্ধ্রের নাজিমাবাদ জেলা থেকে সারিকার পরিবার জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি দুর্ঘটনা নাও হতে পারে বলে সন্দেহ করছেন তারা। সারিকার আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তারা। সারিকার ছোট বোন অনুরাধা বলেন, সে আত্মহত্যা করার মেয়ে নয়। সন্তানদের সে প্রচণ্ড ভালোবাসতো। তাকে অবশ্যই খুন করা হয়েছে এবং যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। এনডিটিভি।
