এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত ফি বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৭:৫৭
 
আসন্ন এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।
 
শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী, সাধারণ সম্পাদক বজলুর রহমান, ছাত্রফ্রন্ট  নেতা পরমানন্দ দাস, শামিম আরা মিনা, মাহবুব আলম মিলন, এসএসসি পরীক্ষার্থী কাজল মিয়া, ফারহান আহমেদ, লুনা আকতার প্রমুখ।
 
বক্তারা বলেন, পরীক্ষা আসলেই শিক্ষার্থী ও অভিভাবকদের চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় পরীক্ষার ফরম পূরণের ফি টাকা জোগাড়ের বিষয়টি। বোর্ড কর্তৃক নির্ধারিত ফরম ফি হলো বিজ্ঞান বিভাগে ১ হাজার ৪৪০ টাকা, ব্যবসা ও মানবিক বিভাগে ১ হাজার ৩৯০ টাকা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইচ্ছামত শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করছে। গাইবান্ধা জেলা দেশের মঙ্গাপীড়িত অঞ্চল। অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। ফলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আরোপিত হওয়ায় তাদের উপর চলছে মরার উপর খড়ার ঘাঁ। বক্তারা অবিলম্বে ফরম পূরণে অতিরিক্ত ফি বন্ধের জন্য কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।