রেলের জমি থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৮:৫৭
 
খুলনায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিকে, অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা নগরীর স্টেশন রোড এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে।
 
খুলনা রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ের জমি লিজ নিয়ে নগরীর স্টেশন রোড ও লোয়ার যশোর রোডে মোট ৩৩১টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু খুলনায় আধুনিক রেল স্টেশন নির্মাণ কাজের জন্য জমির প্রয়োজন হয়। সে কারণে চলতি বছর থেকে তাদের লাইসেন্স বাতিল করা হয়। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্টদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হয়। একাধিকবার মাইকিং করেও তাদের সরে যেতে বলা হয়। কিন্তু ব্যবসায়ীরা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় গতকাল বুধবার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত অভিযান চলাকালে বুলডোজার দিয়ে ৫০টিরও অধিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
 
এ অভিযানে নেতৃত্ব দেন খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। এ সময় রেলওয়ের পাঁকশি পশ্চিম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।