বেনাপোলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ইলিয়াছ (৩২) নামের এক আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩ পুলিশ। বৃহস্পতিবার ভোরে বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ইলিয়াস রাজবাড়ি সদর উপজেলার সুরুজ মিয়ার ছেলে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল ও ১টি মোটর সাইকেল। নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপুর্ব হাসান জানান, বুধবার দুপুরে অস্ত্র মামলার আসামি ইলিয়াস মৃধাকে থানার পিকআপে করে যশোর আদালতে নিয়ে যাওয়ার সময় বেনাপোলের কাগজপুকুর এলাকায় পিকআপটি দুর্ঘটনায় পড়ে। এসময় এসআই ফিরোজ ও তিন কনস্টেবল আহত হন। সুযোগে ইলিয়াস মৃধা কৌশলে পালিয়ে যান। বৃহস্পতিবার ভোরে বেনাপোলের পুটখালী সীমান্তে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে বেনাপোলের বাসস্টান্ড এলাকা থেকে অস্ত্র বেচা-কেনার সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ ইলিয়াসকে আটক করে পুলিশ।
