সাভারের আশুলিয়ায় চেকপোস্টে পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী হামলাকারীর বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলাটি দায়ের করেছেন থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম।
আশুলিয়া থানার ওসি মোহসীন কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, হামলাকারীদের গ্রেফতারে বুধবার ঘটনার পর থেকে র্যাব-পুলিশের কয়েকটি দল কাজ করছে। শিগগিরই হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত হত্যাকাণ্ড। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর সঙ্গে এই হত্যাকাণ্ডের মিল রয়েছে। তবে অন্যান্য হত্যাকাণ্ডের পর আইএস কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের নাম ব্যবহার করে অপরাধীরা যেভাবে স্বীকারোক্তি প্রদান করেছে, এই হত্যাকাণ্ডে এমন কোনো সূত্র এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, বুধবার সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি চেকপোস্টে শিল্প-পুলিশের পাঁচ সদস্যের ওপর আতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মুকুল (২৩) নামে এক পুলিশ সদস্য নিহত ও গুরুতর আহত হন নুরে আলম নামে আরেক পুলিশ সদস্য।
