পাবনা জেলার চাটমোহর উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শেহেলী লায়লা এই আদেশ দেন।
রাত বারোটা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে তিনি জানিয়েছেন।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, বৃহস্পতিবার সকাল দশটায় স্থানীয় সবুজ সংঘে চাটমোহর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সম্মেলন ঘিরে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম গ্রুপ ও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই উদ্ভুত পরিস্থিতিতে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারী করেছেন।
-ফোকাস বাংলা
