ফেনীতে ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ আমিনুল হক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস রোড রেলওয়ে গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আমিনুল হক ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগর গ্রামের মৃত. মনা মিয়ার ছেলে।
ফেনী র্যাব-৭ সূত্র জানায়, আমিনুল হক একজন মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে ফেনীর বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল উক্ত স্থানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩৯ হাজার ৫শ টাকাসহ আমিনুল হককে আটক করে।
র্যাব আরো জানায়, আটক আমিনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
