অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা তদন্ত কমিটি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ২৩:৩৩

আশুলিয়ায় শিল্প পুলিশ কনস্টেবল মুকুলকে কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুর রহমানকে প্রধান করে গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে কমিটিকে। ঘটনার পর থেকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় জনসাধারণের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থল ও তার আশপাশের দোকানপাট বৃহস্পতিবারও খুলেনি। বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 
পুলিশ সূত্রে জানা গেছে, মুকুল হত্যার ঘটনায় এসআই আজাহারুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী ও তাদের কয়েক সহযোগীকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলার তদন্তভার ন্যস্ত করা হয়েছে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহাকে। এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, মুকুলকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। পুরো আশুলিয়া জুড়ে চিরুনি অভিযান শুরু করা হয়েছে।
 
এদিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সারত পুলিশ সদস্য নুর আলম সিদ্দিকী এখন শংকামুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকরা। হত্যার ঘটনাস্থল থেকে দ্বিতীয় দিনের মতো মামলার গুরুত্বপূর্ণ নানা আলামত জব্দ করেছে পুলিশ। বুধবার ঘটনার পর আশুলিয়া শিল্পাঞ্চল নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। ঘটনার পর থেকে সাভার-আশুলিয়ায় ১৫টি স্পটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। সন্দেহজনক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
 
হত্যার রহস্য উদঘাটন, তদন্ত কাজ ও আসামি গ্রেফতারে সহযোগিতা করার জন্য ঢাকা রেঞ্জের পক্ষ থেকে বিভিন্ন জেলার চৌকস পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে সাত সদস্যের তদন্ত দল। এছাড়া সিআইডি, ডিবি ও র?্যাব করছে ছায়া তদন্ত। ঠিক কারা, কি উদ্দেশ্যে এত বড় অপারেশন করে দ্রুত সটকে পড়লো- এ ব্যাপারে পুলিশের কোনো পদস্থ কর্মকর্তার কাছে উত্তর মিলেনি।
 
পুলিশের একটি সূত্র জানায়, বুধবার রাতে পুলিশের একাধিক টিম গাজীপুর, কালিয়াকৈর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেন। শুধু পুলিশই নয় অপরাধীদের ধরতে ডিবি, সিআইডি, র্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। থানা এলাকাগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি চেকপোষ্টকেই রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। সাদা পোশাকেও মাঠে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় নতুন কোনো তথ্য নেই। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অপরাধীদের ধরতে সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
 

উল্লেখ্য, গত বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য নিহত হন।