জেলায় ১৬ ঘণ্টার ব্যাবধানে দুইজন খুন হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে দিলালপুর টাউন হলপাড়া মহল্লার স্থানীয় কাপড় ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরওয়ালার ছেলে অনুপ আগরওয়ালা (৩২) নামে এক যু্বককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। গতকাল বেলা দু’টার দিকে নাহিদ হোসেন নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
অনুপ হত্যার প্রতিবাদে তার লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন থেকে নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে অনুপের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। পরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
