‘সুইডিশ ড্যাডস অ্যান্ড বাংলাদেশি বাবা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:০৫

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সুইডিশ ড্যাডস অ্যান্ড বাংলাদেশি বাবা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে ইউএন উইমেন বাংলাদেশ ও বাংলাদেশের সুইডেন দূতাবাসের আয়োজনে এ প্রদর্শনী ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শার্লটা স্লাইটার এবং ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শোকো ইশিকাওয়ার উপস্থিতিতে আয়োজনটির উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে বাংলাদেশি বাবাদের সন্তানের যত্ন নেওয়ার মুহূর্ত ও সুইডেনের জনপ্রিয় আলোকচিত্র শিল্পী জোহান বাভম্যানের তোলা ছবি প্রদর্শন করা হয়। প্যানেল আলোচনায় বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত বলেন, ‘সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসার দিকটি তুলে ধরতেই প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে। আমার প্রত্যাশা, পুরুষরা বাবা এবং জীবনসঙ্গীর দায়িত্ব সঠিকভাবে অনুধাবন করবে যা লৈঙ্গিক সমতা নিশ্চিত করে সমাজ গঠনের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’

শোকো ইশিকাওয়া বলেন, ‘লৈঙ্গিক সমতা নিয়ে আলোচনায় পুরুষদের অন্তর্ভুক্ত করা এবং লৈঙ্গিক বিষয়ে প্রথাগত ধারণা ভাঙার ক্ষেত্রে তাদের সাথে সংলাপের আয়োজন এবং তাদের পরিবর্তনের ধারক হিসেবে নিয়োজিত করাকেই সর্বোত্তম সমাধান বলে মনে করে ইউএন উইমেন।’

এছাড়া আলোচনায় অংশ নেন সুইডেন দূতাবাসের হেড অব ডেভলপমেন্ট আন্দেস ওরস্ট্রম, স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহমুদ এবং ইউনিলিভার বাংলাদেশের ক্যাটাগরি হেড অব হেয়ার কেয়ার জাহিন ইসলাম। আলোচনায় বক্তারা পুরুষদের সন্তানের যত্ন নেয়া, পিতৃত্বকালীন ছুটি পাওয়ার ক্ষেত্রে নীতিমালার ভূমিকা এবং কো-প্যারেন্টিং-এর আদর্শ পরিবেশ নিয়ে আলোচনা করেন।