গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুফু-ভাতিজার মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ১৫:৪৭
গাইবান্ধা সদর উপজেলার কূপতলা ইউনিয়নের স্কুলেরবাজার গ্রামে শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুফু ও ভাতিজার মৃত্যু হয়েছে।
 
নিহতরা হলেন, ওই গ্রামের মোজাফফর মিয়ার স্ত্রী কল্পনা বেগম (৩৫) ও তার ভাই শাহীন মিয়ার ছেলে রাহেন মিয়া (১৪)। রাহেন কূপতলা একিউ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
 
কুপতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আজিজ ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কল্পনা বেগম বাড়ির আঙ্গিনায় টানানো খোলা জিআই তারে ভেজা কাপড় শুকাতে দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় তার ভাতিজা রাহেন মিয়া তাকে বাঁচানোর চেষ্টা করলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। টের পেয়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
 
ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ আরো বলেন, বাড়ির বিদ্যুৎ সংযোগে ক্রটি থাকায় আঙ্গিনায় টানানো খোলা জিআই তার বিদ্যুতায়িত অবস্থায় ছিল। অসাবধানতাবশত ভেজা কাপড় শুকাতে গিয়ে এই ঘটনা ঘটে।