'অশুভ শক্তি প্রতিরোধে যুদ্ধ করে যাচ্ছে আমাদের সংস্কৃতি'

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ১৮:৪০
 
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, অশুভ ও অন্ধকার শক্তি প্রতিরোধে আমাদের সংস্কৃতি প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের দেশের সংস্কৃতিকর্মীরা এ যুদ্ধে সবসময়ই প্রথম কাতারে থেকে লড়ে যাচ্ছেন। শুভ শক্তির জয় হবেই।
 
শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির সঙ্গীতশালা মিলনায়তনে 'বাংলাদেশ সঙ্গীত সপ্তাহ ২০১৫'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নরওয়ে দূতাবাস ও কনসার্ট নরওয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করেছে লাইফ স্কয়ার।
 
এতে বিশেষ অতিথি ছিলেন নরওয়েজিয়ান রাষ্ট্রদূত মেরিতা লুন্ডামো। সভাপতিত্ব করেন আয়োজক লাইফ স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক নাফিস আহমেদ। বিশেষ অতিথির বক্তৃতায় মেরিতা লুন্ডামো সঙ্গীতে বাংলাদেশ সমৃদ্ধ, এ কথা উল্লেখ করে লোকসঙ্গীতের প্রশংসা করেন।
 
'সঙ্গীত সপ্তাহ' শিরোনামে লাইফ স্কয়ার প্রথমবারের মত এ আয়োজন করলেও অনুষ্ঠানটি হচ্ছে মূলতঃ দু’দিনের। আগামীকাল এর সমাপনী। দু’দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে। এ ছাড়া সঙ্গীত বিষয়ক সেমিনার ও কর্মশালা থাকবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা। বিকেলে ব্যান্ড লালন, শিরোনামহীন, মিনার, শক্তি, ত্রিরত্ন, চিরকুটসহ বিভিন্ন ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে। বাসস।