জয়পুরহাটের ভ্যান চালককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১১:৩৬
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পতিমারী ব্রিজ পাশে ধান ক্ষেত থেকে আব্দুল হাকিম (৫০) নামের এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধসহ কুপিয়ে হত্যা করে তার মৃতদেহ ফেলে রেখে যায়। নিহত ভ্যান চালক আব্দুল হাকিম একই উপজেলার তালশন গ্রামের হছি মিয়ার ছেলে।
 
গ্রামবাসীদের বরাত দিয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম জানান, ভ্যান চালক আব্দুল হাকিম প্রায় প্রতিদিন সারা রাত ভ্যান চালাতেন। প্রতি দিনের মতো সন্ধ্যার পর হাকিম তার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সকালে কৃষকরা ধান ক্ষেতে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা নিহত হাকিমের ভ্যানটিও নিয়ে গেছে।
 
ভ্যানটি ছিনতাইয়ের জন্য বা পূর্ব শত্রুতার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।