সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৩:১৯
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহাজদপুর উপজেলার মাদলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০জন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী (৬৫) ওই গ্রামের নসিফ মোল্লার ছেলে। আহতদের মধ্যে কয়েকজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৮জনকে গ্রেফতার করেছে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদলা গ্রামের মুরুব্বী নুহু মোল্লা শুক্রবার রাতে কয়েক যুবককে আড্ডা না দিয়ে বাড়ি যেতে বলেন। কিন্তু যুবকেরা তার কথা না শোনে নুহু মোল্লার সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। অপমানিত হয়ে তিনি এলাকার অন্য মুরুব্বীদের বিষয়টি অবগত করেন। শনিবার সকালে এ নিয়ে একটি শালিশ বৈঠকের আয়োজন করা হয়। এই শালিশ বৈঠককে কেন্দ্র করে এই গ্রামের শহীদ মোল্লার তার বাহিনী নিয়ে আক্রমন চালায়। এ সময় নুহু মোল্লার লোকজন তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় নুহু মোল্লা গ্রুপের ইউসুফ ফলার আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয় উভয় পক্ষের আরও ২০জন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
শাহজাদপুর থানার ওসি রেজাউল করিম জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮জনকে আটক করা হয়েছে।