আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বগুড়ায় বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। শুক্রবার সকাল ৬টা হতে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন নাশকতার মামলায় অভিযুক্ত জামায়াত-শিবির ও বিএনপির ২০নেতাকর্মীসহ মোট ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল-গুলি, ককটেল ও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, জেলাব্যাপী শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমির হারুনুর রশিদ, শেরপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আফছার উদ্দিনসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী এবং বিএনপির ৫ নেতাকর্মী রয়েছেন। এছাড়া অবশিষ্ট ৫৫ জন বিভিন্ন মামলার আসামি।
অভিযানকালে পুলিশ ১২টি ককটেল, ১টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি, ৩০০ বোতল ফেনসিডিল, ৮০ পিস ইয়াবা ও ১৬ পুড়িয়া হেরোইন উদ্ধার করে। পুলিশের এই অভিযানে জেলার ১২ থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ অংশ নেয়। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
