মুক্তিপণের টাকা দিতে না পারায় খুন হলেন আমির হোসেন (৬৫) নামে এক পাট ব্যবসায়ী। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ির মালিপাড়া গ্রামের মৃত বশির উদ্দিন শেখের ছেলে।
শুক্রবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা পুলিশ সাতটিকরি গ্রামের পাশে নাটোর রোডের ঢাল থেকে তার লাশ উদ্ধার করে।
আমির হোসেনের ছেলে সোহেল রানা জানায়, দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পাট ক্রয় করতেন আমির হোসেন। মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাতে তার মোবাইল ফোনে অপহরণকারীরা আমির হোসেনের মুক্তি জন্য ১০ লাখ টাকা পণ দাবি করেন। এত টাকা এক সঙ্গে দেয়া সম্ভব নয় বলে জানায় সোহেল রানা। পরে শুক্রবার রাতে সলঙ্গা থানা পুলিশ গলায় রশি পেঁচানো অবস্থায় আমিরের লাশ উদ্ধার করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
