সাতক্ষীরায় রাতভর অভিযানে গ্রেফতার ৭১

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৯:২৬
 
নাশকতার অভিযোগে সাতক্ষীরায় ৭১ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে একজন পৌর কাউন্সিলর ও বিএনপি-জামায়াতের নেতাকর্মী রয়েছেন।
 
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার সাতটি উপজেলায় এই অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন বলেন, 'গ্রেফতারকৃতরা নাশকতার লক্ষ্যে বিভিন্ন স্থানে জড়ো হয়। এসময় তাদের গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।' নতুন করে তাদের বিরুদ্ধে আরও একটি করে মামলা হবে বলে জানান তিনি।
 
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, কলারোয়া পৌর জামায়াতের নায়েবে আমীর মতিন খান, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি ও জামায়াতের রোকন আনারুল ইসলাম এবং সেলিম বাবু ওরফে টাক বাবু।
 
কামাল হোসেন আরও জানান গ্রেফতারকৃতদের মধ্যে  সাতক্ষীরা সদর  থানায় ১৪ জন , কালিগঞ্জ ও কলারোয়ায় ১৩ জন করে, পাটকেলঘাটা ও আশাশুনিতে ৮ জন করে , তালায় ৬ জন, শ্যামনগরে ৫ এবং দেবহাটা থানায়  ৪ জন রয়েছেন। শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।