নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী গ্রামের দেলোয়ারের বাড়ি এবং খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামে হাজী আহসান উল্লাহর বাড়িতে এসব ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামে হাজী আহসান উল্লাহর বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে একদল ডাকাত। এ সময় তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ও মারপিট করে আহত করে। এ সময় ডাকাতদল নগদ ৯৫ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল সেট ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
অপর দিকে একই রাতে উপজেলার বল্লভদী গ্রামে ব্যবসায়ী দেলোয়ারের বাড়িতে হানা দিয়ে ডাকাতদল ১০ ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা লুট করেছে।
এ ঘটনায় উভয় পরিবারর পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
