জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী (শিক্ষা) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে অনুষ্ঠিত ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর। তবে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা থাকায় তা চলবে ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম তালিকা প্রকাশ করা হবে ২৬ ও ২৭ ডিসেম্বর। উত্তীর্ণ প্রার্থীদের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি হতে হবে।
