গাজীপুর শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খন্দকার এনামুল হক বিপ্লব (৪২) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন।
শনিবার শহরের উত্তর ছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে। এনামুল একই এলাকার খন্দকার সামসুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এনামুল হক বিপ্লব সন্ধ্যায় বাহির থেকে বাসার সামনে এসে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা স্থানীয় সন্ত্রাসী রাব্বী ও রবিন তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তারা বিপ্লবকে ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সেনানিবাসের কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার এসআই আব্দুল হামিদ জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
