কুষ্টিয়ার মিরপুরে মোটর সাইকেল ডাকাতির মূল হোতা সিরাজ মল্লিক (৩৫) কে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। সিরাজ মল্লিক মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মারফত আফ্রিদীর মোটরসাইকেল ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে চিথলিয়া মল্লিক পাড়ায় সিরাজ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে স্থানীয় থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আলোচিত ডাকাতি মামলার কুখ্যাত ডাকাত সিরাজ মল্লিক পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে পুলিশের কাছে সে ডাকাতির সব ঘটনা স্বীকার করে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ডাকাতির পর পুলিশের মোষ্ট ওয়ান্ডেট সিরাজ মল্লিক ৬ মাসের অধিক সময় এলাকা ত্যাগ করে পালিয়ে ছিল। পরবর্তীতে পুলিশ তাকে হন্যে হয়ে খোঁজে।
খোঁজ নিয়ে জানা যায়, সিরাজ মল্লিক আটকের পরই এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এলাকাবাসী অনেকে দাবী করে, সিরাজকে রিমান্ডে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে উপজেলাতে অতীতে ডাকাতীসহ আরো বিভিন্ন অপকর্মের চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে।
এব্যাপারে ওসি (তদন্ত) আক্তারুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় সিরাজ মল্লিক নিজেকে মূল হোতা স্বীকার করে ডাকাতি মিশনে অংশ নেয়া অন্যান্য সকল ডাকাত সদস্যের নাম উল্লেখ করেছে। এছাড়াও আরো বেশ কিছু তথ্য সে (সিরাজ মল্লিক) দিয়েছে যা তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসের ১২ তারিখে ঘটনার রাতে মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মারফত আফ্রিদী পেশাগত দায়িত্ব পালনে চিথলিয়ায় যাচ্ছিলেন। এ সময় ডাকাতদল রাস্তায় গাছের গুড়ি ফেলে তাদের গতিরোধ করে হাত-পা ও চোখ বেঁধে ২টি মোটর সাইকেল, ১টি ল্যাপটপ, ১টি স্বর্ণের আংটি, নগদ টাকা ও ৪টি মোবাইল ফোন ডাকাতি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মিরপুর থানায় একটি ডাকাতী মামলা দায়ের হয়। যার নং-৪, তাং ১৩/০৪/২০১৫। ধারা: ৩৯৫। এপর্যন্ত এঘটনায় ১১জনের মধ্যে ৫জন আসামী আটক হয়েছে।
