দুর্বৃত্তদের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক পুলিশ পরিদর্শক, সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসপি (সদর) শফিকুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কর্মকর্তা বহনকারী গাড়িটি ব্যাপক ভাংচুর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. বায়েজিদ, সাংবাদিক পীযুষ কান্তি আচার্যসহ ৫ জন ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর হয়ে নাসিরনগর যাওয়ার সময় মাধবপুরে আদাউর এলাকায় লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত তাদের গাড়ি গতিরোধ করে। এ সময় গাড়িটির পেছনের অংশের গ্লাস ও চালকের সামনের ডান দিকের গ্লাস ভাংচুর করে। ১৫/১৬ জনের একটি সশস্ত্র দল ধারালো অস্ত্র তাদের উপর এলোপাথাড়ি হামলা চালায়। তাদের সাথে থাকা মোবাইলসহ নগদ প্রায় এক লাখ টাকা লুট করে। আহতদের মাধবপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সা দেয়া হয়।
নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের জানান, ঘটনার পর পর মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। তিনি ৫ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বলেন, এএসপি (সদর) শফিকুর রহমানকে প্রধান করে একটি তদন্ত টিম গঠন কর হয়েছে।
