ব্রিটেনের সবচেয়ে বড় বাড়িটি বিক্রি হলো কোটি ডলারে

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ০৯:৫০

ব্রিটেনের সবচেয়ে বড় ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি কিনে নিয়েছে হংকং এর একটি ইনভেস্টমেন্ট কোম্পানি।

দক্ষিণ ইয়র্কশায়ারের রদারহ্যামের কাছের এই বাড়িটি ব্রিটেনের রাণীর বাসভবন বাকিংহ্যাম প্যালেসের চেয়েও বড়।

‘ওয়েন্টওয়ার্থ উডহাউস’ এক কোটি বিশ লাখ ডলারে বিক্রির জন্য বাজারে তোলা হয়েছিল। কিন্তু এই বাড়িটির এখন এতই জীর্ণ দশা যে এটি সংস্কারে লাগবে ছয় কোটি ডলার।

১৭২৫ সালে প্রায় ৬০ একর জমির ওপর ওয়েন্টওয়ার্থ উডহাউস তৈরির কাজ শুরু হয়। এই বিশাল বাড়িতে রয়েছে তিনশোর বেশি কক্ষ। বাড়িটির সামনের একটি হলের দৈর্ঘ্য প্রায় দুশো মিটার। স্থানীয় তিনটি অভিজাত পরিবার এই বাড়ীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে।

হংকং এর ইনভেস্টমেন্ট কোম্পানি ‘লেক হাউস গ্রুপ’ এটি কিনে নিয়েছে। তারা এই ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণ করতে চায়।

১৯৯৯ সালে বাড়িটি কিনে নেন ক্লিফোর্ড নিউবোল্ড নামে এক স্থপতি। এ বছরের এপ্রিলে তিনি মারা যাওয়ার পর তার পরিবার অনিচ্ছাসত্ত্বেও এটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন।

 

-বিবিসি