রংপুরে আর কে রোড এলাকায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের পিএ ও বাহাই কেন্দ্রের কেয়ারটেকার রুহুল আমিনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আহত রুহুল আমিনের স্ত্রী সাইফুন নাহার রেবা জানান, প্রতিদিনের মতো তার স্বামী বাসার সামনে থেকে ইজিবাইকে চড়ে কর্মস্থল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত হন। পরে বাসা থেকে বের হওয়ামাত্র অজ্ঞাত দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বুকে গুলি লাগে। তিনি মাটিতে পড়লে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত রুহুল আমিন খ্রিষ্টান সম্প্রদায়ের বাহাই কেন্দ্রের কেয়ারটেকার। ১৯৮১ সালে তিনি খ্রিষ্টানধর্ম গ্রহণ করেন।
