গাজীপুরে আইনজীবী খুনের ঘটনায় জড়িত আটক ১

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১২:১৩
গাজীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক আইনজীবী খন্দকার এনামুল হক বিপ্লব (৪২) খুনের ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে আটক করা হয়।
 
আটক যুবকের নাম মাহবুব হাসান রাব্বি ওরফে রাতুল (২২)। তিনি গাজীপুর জজ কোর্টের সেরেস্তাদার মাসুদুর রহমানের ছেলে। তারা জেলা শহরের বরুদা এলাকায় ভাড়া থাকেন।
 
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার রেজাউল হাসান রেজা রাব্বিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
 
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় জেলা শহরের উত্তর ছায়াবীথি এলাকায় বাসার কাছে এনামুল হক বিপ্লবকে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী রাব্বী ও তার ভাই রবিন এলোপাথারী ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পথে তিনি মারা যান।
 
নিহত বিপ্লব গাজীপুর আদালতের আইনজীবী এবং উত্তরছায়াবীথি এলাকার মৃত খন্দকার সামসুদ্দিন বড় ছেলে। তার ছোট ভাই অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল ঢাকার সুপ্রিম কোর্টের সাবেক সহকারী এটর্নী জেনারেল ছিলেন।