বিভাগীয় পর্যায়ে প্রথম ভাণ্ডারিয়া বন্দর সরকারি মাধ্যমিক বিদ্যালয়

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৪

শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রতিবছরের মতো উপজেলা পর্যায়ে শুরু হওয়া শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় এ বছরও ভাণ্ডারিয়া সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। আগামী ১৬ মার্চ ঢাকা জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয়বারের মতো অংশ নেবে।

গত বুধবার বরিশাল বিভাগীয় পর্যায়ে বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতব্য বিভাগের ছয় জেলার প্রতিযোগীদের মধ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়া সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে পিরোজপুরের সাবেক জেলা প্রশাসক বর্তমান বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ খায়রুল আলম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার জানান, যদি জাতীয় পর্যায়ে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে গতবছর যে ত্রুটি ছিল তা কাটিয়ে এ বছর আমাদের মেয়েরা বিজয়ী হবে। তিনি আরো জানান, ভাণ্ডারিয়ায় সার্বিক উন্নয়ন ছাড়াও বিশেষভাবে শিক্ষা ব্যবস্থার উপর এ আসনের এমপি সাবেক পানি সম্পদ মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সুদৃষ্টি থাকায় আমরা এ সকল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মনে জোর পাই।