চৌদ্দগ্রামে তিন ডাকাত গ্রেফতার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ২২:০৭
কুমিল্লার চৌদ্দগ্রামে দোকানে ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
পুলিশ জানায়, গত ৭ অক্টোবর রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজারের মা মনি শিল্পালয় ও পাশের হাজী বস্ত্রালয়ের তালা কেটে নগদ টাকা, স্বর্ণলংকার ও থানকাপড়সহ প্রায় ৯ লাখ ৩০হাজার টাকার মালামাল ও একটি লোহার সিন্দুক লুন্ঠন করে ট্রাকে করে নিয়ে যায়। এ ব্যপারে স্বর্ণ দোকানের মালিক আকাশ বনিক বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে। ওসি আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে  প্রায় এক মাস তদন্তের পর তথ্য প্রযুক্তি ও ম্যানুয়েল সোর্সের মাধ্যমে ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন হয়। এর সূত্র ধরে চৌদ্দগ্রাম থানার এস আই সাইফুল ইসলাম, এস আই শংকর, এস. আই কাউছার, এ.এস.আই আব্দুল খালেক ও সঙ্গীয় ফোর্সসহ পটুয়াখালি, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে লুন্ঠিত দুই জোড়া স্বর্ণের কানের দুলসহ একটি এমিটেশনের গলার চেইন উদ্ধার করা হয় । 
 
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- পটুয়াখালি গলাচিপা থানার নলুয়াবাগির গ্রামের  আব্দুল গনির ছেলে  মো. বদর উদ্দিন ডালি প্রকাশ, বদু ড্রাইবার (৩৫), একই জেলার কলাপাড়া থানার চিনগুরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. হাবিব প্রকাশ হাবু (২৮) ও বরগুনা জেলার আমতলি থানার কততাবনিয়া গ্রামের  হোসাইন  মাতাব্বরের ছেলে মো. দুলাল (৩০)। ডাকাতি কাজে ব্যবহত একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৯৯২৬) আটক করে গত ৭ নভেম্বর রাতে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসা হয়। 
 
ওসি তদন্ত আব্দুল্লাহ আল মাহাফুজ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ৩ ডাকাতকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।