ফরিদপুরের সালথা উপজেলায় আবু তালেব (২০) নামে এক কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার রায় বল্লভদী গ্রামের মালডাঙ্গীর বিল পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আবু তালেব উপজেলার বল্লভদী গ্রামের বাকা ফকিরের ছেলে। তিনি স্থানীয় মোকসেদপুর ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনা গ্রামের দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাতে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আবু তালেব। এরপর আর বাড়ি ফিরেনি। রবিবার সকালে রায় ওই গ্রামের মালডাঙ্গীর বিল পাড়ে কয়েকজন শ্রমিক আবু তালেবের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশের ধারণা, ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
